আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এটি পর্যবেক্ষণে আইসিসি থেকে প্রতিনিধি পাঠানোর কথা শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। গতকাল সেটি নিশ্চিত হয়েছে কারা আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পর্যবেক্ষণে। বিসিবির আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আইসিসি দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি। এই দুই সদস্য শুধু বিসিবির নয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচনও পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন। গতকাল ভারতের আহমেদাবাদে আইসিসির যে সভাটি অনুষ্ঠিত হয়, সেখানেই আসে এমন সিদ্ধান্ত।
আহমেদাবাদের সভায় আর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তে ক্রিকেটের অনেক নিয়মেরই পরিবর্তন আসছে, নতুন অনেক কিছু তাতে যোগও হচ্ছে। এই যেমন আলোকস্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এ জন্য দুদলেরই সম্মতি থাকতে হবে। বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে ভারতের আহমেদাবাদে হওয়া বোর্ড সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেটে যেন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট না হয় এ জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একসঙ্গে অর্থায়ন করবে।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রধান কোচ পানি পানের বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের বিরতি ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া এমসিসির নেওয়া সবশেষ সিদ্ধান্তগুলো, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ এসব কার্যকর করা হবে। নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
২০২৮ সালের নারী বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।
আরবিএন