ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১নং কেওতা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের (৪৫) কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল অনি সিকদার। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে দাবীকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে গেলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার অনিকে আটক করেন। পরে গণপিটুনির পর রাজাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অনি সিকদারকে পুলিশ হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি এবং ভুক্তভোগীকে পুলিশ থানায় নেয়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, কেওতা এলাকা থেকে এক চাঁদাবাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিলে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত অনি সিকদারকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরবিএন