ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে আবারও ঝরল তাজা প্রাণ। এবার এক অজ্ঞাত গাড়ির (মাইক্রোবাস) ধাক্কায় শফিউল আলম প্রকাশ (শিশু মিয়া) নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীতাকুণ্ড সদরে যাওয়ার উদ্দেশ্যে পন্থিছিলা এলাকায় মহাসড়কের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শফিউল আলম। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিউল আলম উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের মুনছুর মেম্বার বাড়ির মনিরুজ্জামানের ছেলে। নিহতের প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে ওই বৃদ্ধ নিহত হন। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরবিএন