আবারও মার্কিন অস্ত্র সহায়তার আবদার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছেন তিনি। রাশিয়ার সর্বশেষ প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা জরুরি। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানান।
মঙ্গলবার জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, এই যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সহায়তা অত্যন্ত জরুরি।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুযায়ী, কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে রুশ বিমান হামলার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রুশ ভূমিতে জেলেনস্কি সরকারের হামলার জবাবে ইউক্রেনজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তা ও সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত দেড়টার দিকে রাজধানী কিয়েভে প্রথম দফার বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর ভোররাতে আরও বিস্ফোরণ ঘটে।
/এসএকে