বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন মোড় নিচ্ছে ঘটনাপ্রবাহ। মাঠের ক্রিকেটে ব্যস্ততা থাকলেও মিরপুরের বাইরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বোর্ড রাজনীতি।
আগামী ৭ জুনের পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে এবার সরাসরি আইসিসির প্রতিনিধিদের কাছেই আপত্তির কথা তুলে ধরেছেন সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলামের বোর্ডের চার পরিচালক। শুধু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশই নয়, তারা আইসিসির কাছে আসন্ন নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবিও জানিয়েছেন।
সোমবার ঢাকায় পৌঁছান আইসিসির দুই প্রতিনিধি, দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে এবং জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি।
মঙ্গলবার (২ জুন) সকালে তারা বৈঠক করেন বিসিবির সাবেক পরিচালনা পর্ষদের চার সদস্য আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম এবং হাসানুজ্জামানের সঙ্গে। বৈঠক শেষে নিজেদের বিসিবির ‘নির্বাচিত নেতৃত্ব’ হিসেবে উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তারা।
সেখানে দাবি করা হয়, আইসিসির প্রতিনিধিদের ঢাকা সফর নিয়ে বর্তমান বোর্ড বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। গত ৩১ মে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইসিসির প্রতিনিধিরা ঢাকায় আসছেন। তবে সাবেক পরিচালকদের দাবি, বাস্তবতা ভিন্ন।
তাদের বক্তব্য অনুযায়ী, আইসিসির দুই প্রতিনিধি বৈঠকে জানিয়েছেন যে, তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নয়, তথ্য-অনুসন্ধানী প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন। বিসিবির বর্তমান পরিচালনব্যবস্থা, সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রশাসনিক প্রেক্ষাপট সম্পর্কে তথ্য সংগ্রহ করাই তাদের মূল উদ্দেশ্য। নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি বলেও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈঠকে সাবেক পরিচালকরা আইসিসি প্রতিনিধিদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন।
তারা আইসিসির কাছে দাবি জানিয়েছেন, এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া উচিত হবে না। পাশাপাশি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দেওয়ার অনুরোধও করা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা থাকবে যে, তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসেননি।
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আইসিসির এই সফর ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার প্রতিনিধি দল বৈঠক করেছে বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গে। এর আগে তারা সাক্ষাৎ করেন বিসিবির অন্তর্র্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল এবং কমিটির সদস্য ফাহিম সিনহার সঙ্গেও।
/এসএকে