মৃত স্বামীর লাশ নিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে নড়াইলের গ্রামের বাড়ি ফিরছিলেন স্ত্রী জাহানারা বেগম (৫৫)। কিন্তু পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণও। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সের চালকও।
বুধবার (৩ জুন) সকালে নড়াইল সদর থানার কালনা-নড়াইল সড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশাহ গ্যারেজের সামনে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম রাজারবাগ পুলিশ স্টাফ কলেজে কর্মরত এসআই আবু তাহেরের মা এবং নড়াইলের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার বাড়ি যশোরের মাহেদিয়া গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন জাহানারা বেগমসহ স্বজনরা। অ্যাম্বুলেন্সটিতে চালকসহ মোট ৯ জন আরোহী ছিলেন। সকালের দিকে কালনা-নড়াইল সড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহানারা বেগম প্রাণ হারান। আর গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, মৃত স্বামীর লাশের সঙ্গে স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জেডি