বিশ্বসাহিত্যে সাইকেলকে কেন্দ্র করে লেখা হয়েছে অসংখ্য স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, উপন্যাস ও প্রবন্ধ। এসব বইয়ে উঠে এসেছে মানুষের সংগ্রাম, অভিযান, প্রকৃতির সৌন্দর্য এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
ইটস অল অ্যাবাউট দ্য বাইক : দ্য পারসুইট অব হ্যাপিনেস অন টু হুইলস
ব্রিটিশ লেখক রবার্ট পেন এই বইয়ে তার স্বপ্নের সাইকেল তৈরির গল্প বলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাইকেলের যন্ত্রাংশ সংগ্রহ করে একটি নিখুঁত সাইকেল নির্মাণের অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। বইটি সাইকেলের ইতিহাস, প্রযুক্তি ও সংস্কৃতির এক আকর্ষণীয় দলিল।
দ্য রাইডার
ডাচ লেখক টিম ক্র্যাবের এই ছোট উপন্যাসটি সাইক্লিংপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয়। ১৩৭ কিলোমিটারের একটি সাইকেল রেসকে কেন্দ্র করে লেখা বইটিতে প্রতিযোগিতার উত্তেজনা, মানসিক চাপ এবং বিজয়ের আকাঙ্ক্ষা অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে।
ফ্রেঞ্চ রেভোলিউশন : সাইক্লিং দ্য ট্যুর দে ফ্রান্স
তিম মুর এ বইয়ে নিজের সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। রসিকতা, আত্মসমালোচনা এবং ভ্রমণের নানা বিপত্তি বইটিকে পাঠকের কাছে বিশেষভাবে উপভোগ্য করে তুলেছে।
ফুল টিল্ট : আয়ারল্যান্ড টু ইন্ডিয়া উইথ অ্যা বাইসাইকেল
আইরিশ ভ্রমণলেখক ডারভলা মারফি ১৯৬০-এর দশকে সাইকেলে চড়ে আয়ারল্যান্ড থেকে ভারত পর্যন্ত ভ্রমণ করেন। সেই অভিজ্ঞতার বর্ণনা এই বই। কঠিন পথ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং একা নারী ভ্রমণকারীর সাহসিকতা বইটিকে ভ্রমণসাহিত্যের ক্লাসিক মর্যাদা দিয়েছে।
ল্যান্ডস অব লস্ট বর্ডারস
কানাডিয়ান লেখক ও অভিযাত্রী কেট হ্যারিস এবং তার শৈশবের বন্ধু মেল ইয়ুল সাইকেলে মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করেন। সেই ভ্রমণকাহিনি নিয়েই এ বই। তবে, এটি শুধু ভ্রমণকাহিনি নয়; স্বাধীনতা, সীমান্ত এবং মানুষের পরিচয় নিয়ে গভীর চিন্তারও প্রকাশ।
সাইকেলকেন্দ্রিক বইগুলোর বিশেষত্ব হলো, এখানে মানুষ নিজের সীমা অতিক্রম করে, নতুন ভূখণ্ড আবিষ্কার করে, কখনও নিজের ভেতরের মানুষটিকেও খুঁজে পায়। দুই চাকার ওপর ভর করে এগিয়ে চলার এই অভিজ্ঞতা পাঠককে একই সঙ্গে রোমাঞ্চিত ও অনুপ্রাণিত করে।
আজকের পরিবেশ-সচেতন পৃথিবীতে সাইকেলের গুরুত্ব যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সাইকেলভিত্তিক সাহিত্য পাঠের আগ্রহও। যারা ভ্রমণ, অভিযান কিংবা আত্ম-অন্বেষণের গল্প পছন্দ করেন, তাদের জন্য এসব বই হতে পারে দারুণ পাঠসঙ্গী।
/মহু