মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে ভাবি ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী ছালাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইউসুফ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাড়ির ভেতর থেকে ছালামের স্ত্রী আমিনা ও ছেলে আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক ছিলেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় হত্যা মামলা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত আছে। নিহতদের স্বজনরা দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সময়ের আলো/জোই