ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি, বিভক্ত তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই চুক্তি ভবিষ্যতে একটি

2026-06-04T12:56:25+00:00
2026-06-04T12:56:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি, বিভক্ত তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১০)
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই চুক্তি ভবিষ্যতে একটি স্থায়ী শান্তি চুক্তির পথ সুগম করতে পারে বলে বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে ইসরায়েলি মন্ত্রিসভার অভ্যন্তরেই এই চুক্তি নিয়ে তীব্র মতবিরোধ ও ফাটল দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের তৈরি করা এই যুদ্ধবিরতি চুক্তির মূল শর্ত হলো— হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে ইরান-পৃষ্ঠপোষকতা পুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, লেবাননে আমরা এ যাবৎ যে বাস্তব পরিস্থিতি তৈরি করতে পেরেছি, এই চুক্তি তারই প্রতিফলন। মাঠপর্যায়ের পরিস্থিতি এবং ইসরায়েলের স্বার্থ সুরক্ষায় আমাদের আপসহীন অবস্থানের ওপর ভিত্তি করে এই চুক্তি লেবাননের সঙ্গে একটি রাজনৈতিক শান্তি চুক্তির দিকে নিয়ে যেতে পারে। এর ফলে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের জন্য সত্যিকারের ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত হবে।

তবে এখনই লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে না জানিয়ে কাটজ স্পষ্ট করেন, বর্তমান পর্যায়ে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের মাটিতে তাদের অভিযান ও গোলাবর্ষণ অব্যাহত রাখবে। বেসামরিক নাগরিকদের এখনই সেখানে ফিরতে দেওয়া হবে না এবং লেবাননের বাফার জোনে (নিরাপত্তা অঞ্চল) ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় থাকবে।

বুধবার প্রকাশিত যৌথ যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল ও লেবানন এমন কিছু পরীক্ষামূলক এলাকা (পাইলট জোন) তৈরি করতে সম্মত হয়েছে, যেখানে লেবাননের সরকারি সশস্ত্র বাহিনী (এলএএফ) ভূখণ্ডের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে কোনো অনিয়মিত বা অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না। তবে এই পাইলট জোনগুলো কবে নাগাদ কার্যকর হবে, তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

এদিকে এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল সরকারের ভেতরে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই চুক্তির তীব্র নিন্দা জানিয়ে একে একটি মারাত্মক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন।

বেন গভির বলেন, এমন কিছু মুহূর্ত আসে যখন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও না বলার সাহস রাখতে হয়। আমরা যদি এখন তা করতে ব্যর্থ হই, তবে পরবর্তী সময়ে যখন হিজবুল্লাহর মুখোমুখি হব, তখন তারা আরও শক্তিশালী ও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে।


/কহু


  বিষয়:   লেবানন  ইসরায়েল  যুদ্ধবিরতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: