হামজাদের সামনে অচেনা সান মারিনো

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের ফুটবল ইতিহাস বেশ পুরোনো। যদিও আন্তর্জাতিক সাফল্য খুবই কম। ফিফা র‌্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে (১৮১তম)। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ভারত,

2026-06-05T03:09:35+00:00
2026-06-05T03:09:35+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
হামজাদের সামনে অচেনা সান মারিনো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:০৯ এএম   (ভিজিট : ১১)
বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে শিষ্যদের ঝালিয়ে নিচ্ছেন টমাস ডুলি। ছবি : বাফুফে
বাংলাদেশের ফুটবল ইতিহাস বেশ পুরোনো। যদিও আন্তর্জাতিক সাফল্য খুবই কম। ফিফা র‌্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে (১৮১তম)। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ভারত, নেপালের পেছনে অবস্থান। এশিয়ান পর্যায়ে তো পুরুষ ফুটবল দলের অবস্থান সেভাবে আলোচনাতেই নেই। এমন একটি দল এবার শক্তিশালী ইউরোপ অঞ্চলে খেলতে যাচ্ছে। 

প্রথমবার লাল-সবুজদের সামনে অচেনা সান মারিনো। আজ ইউরোপের ক্ষুদ্র এ দেশটির বিপক্ষে ফিফা প্রীতি আন্তর্জাতিক ম্যাচ খেলবে হামজা, শামিত, জামাল, তপুরা। সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। ম্যাচটি জিতে ইতিহাসের অংশ হতে চায় টমাস ডুলির দল। প্রথমবার ইউরোপের দলকে হারানোর সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে চায়।

বাংলাদেশের মতো সান মারিনোর ফুটবল ইতিহাসও বেশ পুরোনো। দলটির ফেডারেশন গঠনের বয়সই ৯০ বছর ছুঁয়েছে। যদিও ফিফায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশেরও বহু পরে। ইউরোপের ক্লাব সংস্কৃতিতে বেড়ে উঠলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে। ২১১ নম্বরে অবস্থান। বাংলাদেশ তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে। সান মারিনো ইউরোপের দেশ হলেও সাফল্য তেমন নেই। লিচেনস্টাইনের বিপক্ষে সবশেষ ম্যাচ জেতার অভিজ্ঞতা রয়েছে, সেটাও বছর দুয়েক পুরোনো ঘটনা। 

এমন এক অচেনা প্রতিপক্ষের সামনে আজ পূর্ণশক্তির বাংলাদেশ মাঠে নামবে। হামজা, শামিত, জায়ান আহমেদ, ফাহামিদুল প্রবাসী চার ফুটবলারই দলে রয়েছেন। তারিক রায়হান কাজী, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়দের মতো অভিজ্ঞ এবং প্রতিভাবান ফুটবলার রয়েছে ডুলির স্কোয়াডে।

সান মারিনো স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। ইতালির পাশেই এর অবস্থান। এই ইতালিতেই বাস জাতীয় দলের প্রবাসী ফুটবলার লেফট উইঙ্গার ফাহামিদুলের। সান মারিনো প্রসঙ্গে ফাহামিদুল জানান, ‘আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।’ 

ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সান মারিনোকে যথেষ্টই সমীহ করছে বাংলাদেশের কোচ টমাস ডুলি। কোচের ভাষ্য, সান মারিনো হয়তো র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে, কিন্তু এই দলটি ইউরোপের। স্পেন, ইতালির মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাসম্পন্ন।

১৯৯০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর সান মারিনো ২২৩ ম্যাচ খেলে জিতেছে তিনটি। তবে সাম্প্রতিক সময়ে দলটি আগের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। দেশটির ঘরোয়া লিগে ১৬টি ক্লাব অংশ নেয় এবং প্রায় সব খেলোয়াড়ই স্থানীয় বা সেমি-পেশাদার পর্যায়ের। কাগজে-কলমে বাংলাদেশই ফেবারিট। তবে ইউরোপের পরিবেশ, ভিন্ন আবহাওয়া এবং স্বাগতিকদের সাম্প্রতিক উন্নতি ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে, তেমন আভাসই দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ইউরোপে প্রীতি ম্যাচ খেলতে গত ১ জুন দেশ ছেড়েছে বাংলাদেশ। চার দিনের কন্ডিশনিং ক্যাম্প, ঘাম ঝরানো অনুশীলন শেষে আজ চূড়ান্ত পরীক্ষার সামনে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপে সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছে লাল-সবুজরা। এরপর কেটে গেছে অনেক দিন। এতদিন জাতীয় দল ম্যাচের বাইরে ছিল, ঘরোয়া ফুটবলে ব্যস্ত ছিল। 

সান মারিনো ম্যাচ দিয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশের ফুটবলাররা। এই ম্যাচ জিতলে ফিফা র‌্যাঙ্কিংয়ে হয়তো প্রভাব পড়বে না, কিন্তু প্রথমবার ইউরোপের দেশে খেলে সেখানকার দলকে হারানোর ঐতিহাসিক ঘটনার জন্ম তো দিতে পারবে। টমাস ডুলির দলের চোখ সেদিকেই। জয়ের জন্যই মাঠে নামব লাল-সবুজরা।

সান মারিনো বিশ্বকাপ বাছাই, ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই, নেশন্স কাপের মতো আসরগুলোতে ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলে। সেই তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে পিছিয়ে থাকলেও এই ম্যাচকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ।


  বিষয়:   হামজা  সান মারিনো  বাংলাদেশ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: