প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
চোটের কবলে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। ছবি : সংগৃহীতবাংলাদেশের টেস্ট ক্রিকেটে যেন ইনজুরি আরেকটি নিয়মিত প্রতিপক্ষ হয়ে উঠেছে। একের পর এক চোটে ভুগছে দল, বদলাতে হচ্ছে একাদশের পরিকল্পনা। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও এর ব্যতিক্রম হয়নি। এবার চোটের কবলে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় পায়ের গোড়ালিতে চোট পান সাদমান। ব্যথার তীব্রতায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই ওপেনারকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। এরপর আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। এমনকি প্রথম ইনিংসে তার ব্যাটিংয়ে নামার মতো অবস্থাও নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাদমানের চোটের বিষয়ে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘সাদমান ইসলাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময়ে ও ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে, ওর একটি ইনজুরি আছে। আজ স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে, কতদিন সময় লাগতে পারে। এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো অবস্থায় নেই।’
স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই সাদমানের চোটের প্রকৃতি ও সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে তার চোটে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের টেস্ট দলে ইনজুরির ধাক্কা অবশ্য নতুন নয়। এর আগে ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করতে হয়েছিল জাকের আলী অনিককে। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারেননি। এবার সাদমানের চোট সেই তালিকায় নতুন সংযোজন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে