প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীতআন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে জমকালো সংবর্ধনা ম্যাচ উপহার দিতে চেয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে সেই প্রস্তাবে রাজি হননি পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। বর্তমান কোচিং স্টাফের অধীনে বিদায়ী ম্যাচ খেলতে অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই রোনালদোর এমন সিদ্ধান্তের প্রধান কারণ।
গত সেপ্টেম্বর নেশনস লিগের একটি ম্যাচে মাঠে নামার সময় ও সুযোগ নিয়ে অসন্তোষ প্রকাশের পর কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ওই ঘটনার পর ক্যাম্প ছাড়েন তিনি। এরপর সম্পর্কের আর পুরোপুরি উন্নতি হয়নি।
আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের দল ঘোষণার আগে রোনালদোকে নিয়ে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগালের কোচিং প্যানেল।
তবে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কাকে রোনালদো জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফের অধীনে এমন কোনো ম্যাচে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই।
রোনালদোকে পর্তুগালের চিরন্তন অধিনায়ক হিসেবে সম্মান জানাতে বিকল্প সংবর্ধনা বা স্মারক আয়োজনের কথা ভাবছে ফেডারেশন। তবে তার অনাগ্রহের কারণে মাঠে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখন অনিশ্চয়তায় পড়েছে।
সময়ের আলো/এমকে