প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ এএম
সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীতসাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আসর শুরু করেছে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিম দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন লিগে ফর্টিস এফসির জার্সিতে খেলা এ ফুটবলার। ম্যাচের তখন ৬৯ মিনিট। সতীর্থের কাছ থেকে পাওয়া বল ডান পায়ের দারুণ শটে ভুটানের জাল কাঁপিয়ে তোলেন ইব্রাহিম। ১-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
সাফ চ্যাম্পিয়নশিপে এবার জামাল ভূঁইয়াকে সরিয়ে শুরুতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের হাতে। ভাগ্যের কী নির্মম পরিহাস! যে তপু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ টমাস ডুলির সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে ফটোসেশনে অংশ নেন, তপুকে দলের নতুন অধিনায়ক হিসেবে ডুলি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন; সেই তপুই ম্যাচের দিন ছিলেন মাঠের বাইরে। খেলা শুরুর খানিক আগে চোটে পড়ে মাঠে নামা হয়নি তার। ভুটানের বিপক্ষে তাই তপুকে বাইরে রেখেই দল সাজান ডুলি। অধিনায়কের দায়িত্ব পড়ে পুরোনো জামালের কাঁধেই। তপুর পরিবর্তে দলে সুযোগ পান কাজেম শাহ।
ইনজুরির কারণে এর আগে ফিফা আসিয়ান কাপেও ছিলেন না তপু। গতকাল ভুটানের বিপক্ষে ম্যাচে ছিলেন না দলের আরেক বড় নাম হামজা চৌধুরী। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে হামজা খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হয়তো দেখা যেতে পারে এই তারকাকে। তবে হামজা না থাকলেও জিদান ইউসুফ, জায়ান আহমেদ, শামিত সোমদের মতো অরিজিন খেলোয়াড়রা ছিলেন। বদলি হিসেবে পরে ফাহমিদুলও জায়গা করে নেন।
এই ম্যাচে ইনজুরি কাটিয়ে অনেক দিন পর দলে ফিরেছেন বাংলাদেশের পরিচিত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে ম্যাচে বিশ্বনাথকে প্রতিপক্ষের বল সামলাতে নয়, প্রতিপক্ষের জালে বল পাঠানোর দায়িত্ব দেন কোচ টমাস ডুলি। ডিফেন্ডার থেকে হঠাৎ স্ট্রাইকার বনে যাওয়া বিশ্বনাথ অবশ্য নতুন পজিশনে ভালো করতে পারেননি। সুযোগ পেয়েও ভুটানের জালে গোল দিতে ব্যর্থ হন। পরে অবশ্য বিশ্বনাথ এবং অধিনায়ক জামালকে তুলে নামানো হয় সোহেল রানা জুনিয়র এবং ইব্রাহিমকে। গোল করে কোচের পরিকল্পনার প্রতিদান দেন ইব্রাহিম।
গতকাল শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশ কয়েকটি। তবে বিশ্বনাথের একাধিক মিস আর ভুটান রক্ষণের দৃঢ়তায় কোনোটিই গোলে পরিণত হয়নি। শুরুতে বাংলাদেশ উইং থেকে ক্রসে আক্রমণ তৈরি করেছে বেশি, পরের দিকে দেখা গেছে মাঝমাঠ থেকে খেলা তৈরি করে অথবা লং শটে চেষ্টা করতে। প্রথমার্ধে বল বাংলাদেশের দখলে ছিল ৬৪, ভুটানের ৩৬ শতাংশ। মোট শট বাংলাদেশ নিয়েছে ১২টি, ভুটান ৪টি। লক্ষ্যে শট অবশ্য দুদলেরই দুটি করে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুর কয়েক মিনিট ক্রস নির্ভর ফুটবল খেলে বাংলাদেশ। প্রতিপক্ষের কাছ থেকে গোল তুলে নেওয়ার বারংবার চেষ্টা চালায় শামিত-রাকিবরা। ভুটানের জমাট রক্ষণ সেই সুযোগ স্বাগতিকদের দেয়নি। অবশেষে গোলের দেখা পায় বাংলাদেশ। ৬৯ মিনিটে বল জালে জড়ান ইব্রাহিম। ক্রসে ভুটানের বক্সে যাওয়া বলে হেড নিয়েছিলেন শামিত সোম। বল ওপরে উঠে যাওয়ার পর গোলমুখের সামনে পেয়ে যান ইব্রাহিম। পা বাড়িয়ে বলকে জালে পাঠান। গোলের আনন্দে নেচে ওঠে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থক। আনন্দে মেতে ওঠেন ইব্রাহিম-রাকিবরাও।
ভুটানের বিপক্ষে জেতায় সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে গেল বাংলাদেশের। সাফে এবার ‘এ’ গ্রুপে লড়ছে লাল-সবুজের দল। জামালদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ১১ নভেম্বর।
সময়ের আলো/প্রিন্ট/এমকে