ফাইনালের আগে ফুরফুরে মেজাজে মারিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

2026-06-05T04:38:08+00:00
2026-06-05T04:38:08+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফাইনালের আগে ফুরফুরে মেজাজে মারিয়ারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৩৮ এএম 
সিডনিতে আজ ফুরফুরে মেজাজে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার অনন্য মিশনের সামনে দাঁড়িয়ে আফঈদারা। ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরের আবহাওয়া একেবারেই ফুরফুরে ও চনমনে। মাঠের লড়াইয়ের আগে গতকাল পুরোপুরি বিশ্রামে কাটিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে নেপালের বিপক্ষে লড়াইয়ের পর ফুটবলারদের ক্লান্তি দূর করাটাই ছিল টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। তাই টেকনিক্যাল সিদ্ধান্তেই গতকাল বাংলাদেশ দলের কোনো মাঠের প্রশিক্ষণ বা অন-ফিল্ড সেশন ছিল না। খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করতে টিম হোটেলেই পূর্ণ বিশ্রামের ব্যবস্থা করা হয়। ‘রিকভারি প্রোগ্রামের’ অংশ হিসেবে সকালে খেলোয়াড়রা হোটেলে বেশ কিছু সময় আইস বাথ সেশনে কাটান, যা ফুটবলারদের পেশির ক্লান্তি দূর করে দ্রুত চাঙ্গা হতে সাহায্য করেছে।

বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন জানান গ্রুপপর্বে একটা ম্যাচ হারের পর আবার ঘুরে দাঁড়ানো সহজ কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘একটা বিগ ম্যাচ খেলতে গেলে, একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে গেলে একটু চাপে থাকতেই হয় দলকে। কারণ গ্রুপ পর্যায়ে আমরা একটা ম্যাচ হেরেছি, হারার পরে একটা ম্যাচ খেলা আমাদের টিমের জন্য একটু সমস্যা তো হবেই। যার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মেয়েরাও ভালো করেছে এবং চেষ্টা করেছে যে আমরা ম্যাচ জিততে পারি।’

মাঠে না নামলেও অলস সময় কাটাননি কোচ পিটার বাটলার ও তার শিষ্যরা। দিনের শেষভাগে টিম হোটেলে একটি বিশেষ ভিডিও অ্যানালাইসিস সেশন ও দলীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কোচিং স্টাফরা গত ম্যাচের ভুলত্রুটিগুলো খেলোয়াড়দের সামনে তুলে ধরেন। আবুল হোসেন বলেন, ‘আমরা সবসময় ভারতের সঙ্গে খেলি এবং খেলাটা উপভোগ করি। আমরা গ্রুপ পর্যায়ে খেলেছি, সেই ম্যাচ আমাদের মেয়েরা লস করেছে। এইটা আমরা লস বলব না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি।’

সেমিফাইনালের আগে মাকে হারিয়েছেন শিউলি আজিম। সে কারণে সেমিফাইনালে খেলেননি। তবে এখন মানসিকভাবে আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছেন। দলের সহকারী কোচ বলেন,  ‘দলের অবস্থা অবশ্যই ভালো। কারণ গতকালকে (গত পরশু) আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও একটু উজ্জীবিত আছে, শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচ জয়ের পর। যার কারণে শিউলি এখন ভালো, শিউলি ভালো মানে আমাদের দলের সবাই উজ্জীবিত আছে, সমস্যা নেই।’

সেমিফাইনালে চোট পেয়েছিলেন মনিকা। তাকে নিয়ে আবুল হোসেন বলেন, ‘আমাদের দলে তেমন একটা ইনজুরি নেই। শুধু একমাত্র মনিকা গতকালকে ম্যাচের মধ্যে একটু ব্যথা পেয়েছে। তাকে অবজারভেশনে রেখেছি এবং ফিজিও দ্বারা তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছি। আগামীকাল সে ট্রেনিং সেশনে যদি অংশগ্রহণ করে তা হলে বোঝা যাবে সে ভালো আছে।’

ফুরফুরে মেজাজে একটা দিন কাটানোর পর আজ সকালে আবার মাঠে ঘাম ঝরাতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে চলবে বাংলাদেশের কঠোর অনুশীলন। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো সাফের ট্রফি ঘরে তুলতে দল এখন সম্পূর্ণ মনোযোগী এবং টুর্নামেন্টের শেষ ধাপের প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না দল। পুরো দেশের চোখ এখন এই ফাইনালের দিকে।
  বিষয়:   ফাইনাল  ফুরফুরে মেজাজ  মারিয়ারা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: