১৯৯৬ সালে বিমান ভূপাতিতের অভিযোগে কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বহুগুণ বৃদ্ধি করতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন

2026-06-05T15:32:46+00:00
2026-06-05T15:32:46+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
১৯৯৬ সালে বিমান ভূপাতিতের অভিযোগে কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : সংগৃহীত
কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বহুগুণ বৃদ্ধি করতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করা হয়। এর পাশাপাশি মার্কিন নৌবাহিনীর কঠোর ‘জ্বালানি অবরোধের’ কারণে বর্তমানে ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং চরম খাদ্য সংকট তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের পাশাপাশি তার স্ত্রী এবং সৎ ছেলেকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর (ফিদেল কাস্ত্রোর ভাই) ছেলে ও এক নাতিকেও এই তালিকায় রাখা হয়েছে, যার বিরুদ্ধে গত মাসেই মার্কিন প্রশাসন একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ব্যক্তিপর্যায়ের পাশাপাশি কিউবার ‘মিনিস্ট্রি অব দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস’, দেশটির নিয়মিত সামরিক বাহিনী এবং বিপ্লব-বিরোধী কর্মকাণ্ড নজরদারির দায়িত্বে থাকা ‘কমিটি ফর দ্য ডিফেন্স অব দ্য রেভল্যুশন’-এর ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ওয়াশিংটনের দাবি, কিউবার কমিউনিস্ট শাসন ব্যবস্থা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। চলতি বছরের জানুয়ারি মাসে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর তরফ থেকে বন্দি (অ্যাবডাক্ট) করার পর থেকেই ট্রাম্প প্রশাসন কিউবায় সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিল। মূলত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে সমাজতান্ত্রিক ও বামপন্থী সরকারগুলোকে সম্পূর্ণ উৎখাত করাই ট্রাম্পের এই আগ্রাসী নীতির মূল লক্ষ্য।

ইরান যুদ্ধের পর কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রকাশ্য ইঙ্গিত দিয়ে গত বৃহস্পতিবার ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলেন, আমরা প্রথমে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের বিষয়টি দেখব। সেই কাজ শেষ হওয়া মাত্রই, ফেরার পথে আমরা কিউবায় একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি (সামরিক অভিযান অর্থে) নেব।

মার্কিন প্রেসিডেন্টের এই হুংকারের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ট্রাম্প মূলত কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবরোধ এবং সংঘাতের পরিস্থিতিকে আরও জোরদার করার চেষ্টা করছেন। এই অন্ধ রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেওয়া শাস্তিমূলক অর্থনৈতিক পদক্ষেপগুলো কেবল কিউবার সাধারণ মানুষকেই ক্ষতিগ্রস্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে ইয়াংকি (মার্কিন) সরকারের এই আগ্রাসন ও বিকৃত মানসিকতা আমাদের জনগণের প্রতিরোধের দৃঢ় সংকল্পের কাছেই পরাস্ত হবে। 

এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই নিষেধাজ্ঞাকে ‘নিন্দনীয়’ ও মার্কিন সাম্রাজ্যবাদের নিকৃষ্ট উদাহরণ বলে আখ্যা দিয়েছেন।

১৯৬২ সাল থেকে কিউবা মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে থাকলেও, চলতি ২০২৬ সালের শুরু থেকে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া নজিরবিহীন জ্বালানি অবরোধের কারণে দেশটি সম্পূর্ণ ডিজেলশূন্য হয়ে পড়েছে। এর ফলে কিউবায় দৈনিক ২২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং তীব্র পানি সংকট দেখা দিয়েছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে পড়া কিউবা বর্তমানে কেবল মেক্সিকো এবং চীন থেকে আসা সাহায্যবাহী জাহাজের ওপর ভরসা করে টিকে আছে।

যদিও ট্রাম্প দাবি করেছেন, এই নিষেধাজ্ঞা কিউবাকে ধ্বংস করার জন্য নয়, বরং দেশটিকে সঠিকভাবে পরিচালনার জন্য। তবে কিউবার বর্তমান শোচনীয় অবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প উপহাসের ছলে বলেন, দেশটি ক্ষুধার্ত, সেখানে কোনো জ্বালানি নেই, তেল নেই, অর্থ নেই— কিছুই নেই। দেশটা আসলে এক প্রকার ভেঙেই পড়েছে। আমরা ইরানের যুদ্ধ শেষ করার পরপরই এই বিষয়টির চূড়ান্ত সমাধান করব।

উল্লেখ্য, ১৯৯৬ সালে কিউবার নির্বাসিত নাগরিকদের সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি ছোট বিমান গুলি করে ভূপাতিত করার পুরনো অভিযোগে গত মাসে রাউল কাস্ত্রোর পরিবারের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ও পরোয়ানা জারি করে মার্কিন বিচার বিভাগ।


  বিষয়:   কিউবা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: