কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুবাই প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার (৩০) এবং তার মা মেহেরা আক্তার (৬০)। মেহেরা আক্তার আব্দুল হাইয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে গরুকে খাবার দিতে বউ ও শাশুড়ি গোয়ালঘরে যান। সেখানে জানালার গ্রিলে বিদ্যুতের লিকেজ থাকায় বিদ্যুৎ প্রবাহিত অবস্থায় ছিল। খালেদা আক্তার জানালায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে শাশুড়ি মেহেরা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আচমিতা ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, স্ত্রী ও মায়ের মৃত্যুর খবর পেয়ে প্রবাসী জাহাঙ্গীর দেশে ফেরার জন্য রওনা হয়েছেন। তিনি পৌঁছালে জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরবিএন