গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর কথা বলে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। আজাহার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকাল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার শিশুটিকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
এরপর শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই