বাঙালির চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে নাইওর উৎসব। শনিবার (৬ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
উৎসবে ৭৫টি পরিবারের ৩০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে পালকির আদলে তোরণ নির্মাণ করে নাইওরীদের বরণ করা হয়। এ সময় নাচ-গান সহ সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। পরে সবার মাঝে পিঠাপুলি, বিভিন্ন মৌসুমি ফল ও বাহারি খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত সব দম্পতিরা।
আগে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে নাইওর নিয়ে আসা ছিল বাঙালির ঐতিহ্য। তবে কালের বিবর্তনে আমাদের সমাজ থেকে এ প্রথাটি হারিয়ে যেতে বসেছে। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এই উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা। বছরে একটি দিন বিবাহিত মেয়ে ও তাদের সন্তানদেরকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারাকে আয়োজনের সার্থকতা বলে মনে করা হচ্ছে। এই উৎসবের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বাঙালির বিলুপ্তপ্রায় ঐতিহ্যগুলো তুলে ধরার প্রয়াস করছেন তারা।
সময়ের আলো/জোই