জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন দিনাজপুরের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজ দেশের ৫ নাগরিককে পুশইন করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে তা রুখে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শনিবার (৬ জুন) ভোর রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
কর্নেল লতিফুল বারী জানান, ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির টহল সদস্যরা তাদের উপস্থিতি জানতে পেরে তা রুখে দেয়। পরে তাদেরকে সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।
লতিফুল বারী আরও জানান, ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শনে গিয়েছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্য বৃদ্ধি করা হয়েছে। যাতে বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করতে না পারে।
কর্নেল জানান, এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে, অরক্ষিত সীমান্তগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি রাখছে বলেও জানান তিনি।
/মহু