জামালপুর রেলওয়ে থানা পুলিশের আলাদা দুই অভিযানে ২২টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ও সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল স্টেশন প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় মো. মোজাহিদুল ইসলাম (২৩) কে ১০টি টিকিটসহ গ্রেফতার করেন। এর আগে, একই দিন বিকেলে পুলিশের অন্য একটি দল জামালপুর রেলওয়ে থানাধীন ইসলামপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় ১২টি টিকিটসহ মেহেদি হাসান সম্পদ (২১) নামে আরও এক কালোবাজারিকে গ্রেফতার করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিরা পরিচিত লোকজনের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখতেন। পরে পরিচিত গ্রাহকরা ফোন দিলে তাদের নিকট দ্বিগুণ দামে টিকিটগুলো বিক্রি করতেন। এ ঘটনায় জামালপুর ও ইসলামপুরে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/মহু