নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের ২২ টি ইভেন্টে বিজয়ী মোট ৬৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
রবিবার (৭ জুন) দুপুরে দক্ষিণ পূর্ব নড়াইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ড. মুহাম্মদ আব্দুল ছালাম।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীরসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এর আগে, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট ১৭টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। ইতোমধ্যে সেই ১৭টি ক্যাটাগরির বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করেছেন।
/মহু