১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লির বুকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) এক নারী সহকারী অধ্যাপককে তার নিজস্ব ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার ঘটনার ৩ দিন পার

2026-06-07T15:00:42+00:00
2026-06-07T15:00:42+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লির বুকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) এক নারী সহকারী অধ্যাপককে তার নিজস্ব ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার ঘটনার ৩ দিন পার হতে না হতেই এর চাঞ্চল্যকর রহস্যভেদ করেছে পুলিশ। কোটি টাকার সম্পত্তি দখলের লোভে সুদূর পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লিতে এসে এই ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নাবালক সন্তানকেও হেফাজতে নেওয়া হয়েছে।

গত বুধবার (৩ জুন) পূর্ব দিল্লির বাসুন্ধরা এনক্লেভের ‘সত্যম অ্যাপার্টমেন্টস’-এর একটি ফ্ল্যাট থেকে শিবাজি কলেজের সহকারী অধ্যাপক দেবস্মিতা পালের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপরই দিল্লি পুলিশের একাধিক দল ভারতের ৪টি অঙ্গরাজ্যে একযোগে চিরুনি অভিযান শুরু করে। অবশেষে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামের ওই খুনি দম্পতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দম্পতি বর্ধমানের বাসিন্দা। তারা অধ্যাপক দেবস্মিতার সাথে দেখা করার অজুহাত দেখিয়ে পরিকল্পনা মাফিক দিল্লিতে আসেন। ২০১৭ সালে বিয়ের পর ২০২২ সালে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে দেবস্মিতার। তার স্বামী বেঙ্গালুরুতে থাকায় তিনি দিল্লির ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একাকী বসবাস করতেন।

গত বুধবারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা ওই দম্পতি একটি ব্যক্তিগত ক্যাব (ট্যাক্সি) ভাড়া করে কিছু ব্যাগসহ দেবস্মিতার আবাসনে আসেন। নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিতে এবং নিজেদের সাধারণ দর্শনার্থী হিসেবে প্রমাণ করতে তারা তাদের নাবালক সন্তানকেও সাথে নিয়ে এসেছিলেন। লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে তারা ষষ্ঠ তলায় দেবস্মিতার ফ্ল্যাটে পৌঁছান। পরিচিত হওয়ার সুবাদে তাঁরা ফ্ল্যাটে ‘ফ্রেন্ডলি এন্ট্রি’ বা অনায়াসেই প্রবেশাধিকার পান। এরপর নিজেদের সাথে আনা ধারালো অস্ত্র দিয়ে দেবস্মিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

হত্যাকাণ্ড শেষ করে মাত্র ৩০ মিনিটের মধ্যে খুনিরা পোশাক পরিবর্তন করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে নিচে নেমে আসে এবং নিচে অপেক্ষমাণ সেই ক্যাবটিতে চড়েই চম্পট দেয়।

পরদিন বৃহস্পতিবার দেবস্মিতার বোন দেবযাতী পুলিশকে জানান যে তার বোন ফোন ধরছেন না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে দেবস্মিতার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং হাতের কবজির রগ কাটা ছিল। তবে ঘর থেকে কোনো টাকা-পয়সা বা গহনা চুরি না হওয়ায় পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

মামলা দায়েরের পর পুলিশ ওই আবাসনে যাতায়াত করা ২০০ জন মানুষের তালিকা তৈরি করে ১৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে। এদিকে নিচে দাঁড়িয়ে থাকা সেই ক্যাবের চালককে আটকে তার রাইড ডিটেইলস ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, যাত্রীরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। পেন্টাগন স্টাইলের নিখুঁত ছকে দিল্লি পুলিশের ৭টি দল ৪টি রাজ্যে শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে বর্ধমানে অভিযান চালিয়ে মূল আসামিদের খাঁচায় পুরতে সক্ষম হয়। দিল্লি পুলিশ এখন ট্রানজিট রিমান্ডের মাধ্যমে আসামিদের দিল্লিতে নিয়ে আসার আইনি প্রক্রিয়া চালাচ্ছে।

দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের মোটিভ বা মূল কারণ হলো দেবস্মিতার পৈতৃক সম্পত্তি। পশ্চিমবঙ্গের বর্ধমানে দেবস্মিতার মাতুলালয়ের (নানা) মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে কোটি টাকা মূল্যের একটি বিশাল সম্পত্তির মালিক হন। গ্রেপ্তারকৃত দাস দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতার ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং জালিয়াতির মাধ্যমে সেটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন।


/কহু



  বিষয়:   বিশ্ববিদ্যালয়  শিক্ষক  হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: