পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম সাতমেড়া ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব একই ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনেই স্থানীয় দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রহিম ও লাবিব দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সাঁতার না জানায় গোসলে নেমে তারা গভীর পানিতে তলিয়ে গেছে দুই শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
সময়ের আলো/জোই