ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০)। এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষ মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এই মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিষ্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল। পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেয় হাফেজ আজিজুল। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হাফিজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসি’র বডিগার্ড (পুলিশ সদস্য) মো. জাকির হোসেন, অফিস সহকারী জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এতে অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।
এদিকে দুই বিএনপি নেতার এধরনের কান্ডে বিব্রত বিএনপি নেতারাও। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানান।
সময়ের আলো/জেডি