ক্ষমতা ফেরত পেয়েও বসতে পারলেন না পরিষদে, পুলিশে দিলো ক্ষুব্ধ জনতা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

উচ্চ আদালতের আদেশে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফেরত পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা

2026-06-07T22:37:48+00:00
2026-06-07T22:37:48+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
ক্ষমতা ফেরত পেয়েও বসতে পারলেন না পরিষদে, পুলিশে দিলো ক্ষুব্ধ জনতা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ৬৬)
চট্টগ্রামের লোহাগাড়া থানা। ছবি : সংগৃহীত
উচ্চ আদালতের আদেশে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফেরত পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী তাঁতীলীগ নেতা হেলাল উদ্দিন। 
 
রোববার (৭ জুন) দুপুরে লোহাগাড়া বটতলী শহরের বিমান বিল্ডিং এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

হেলাল উদ্দিন চরম্বা ইউনিয়ন আওয়ামী তাঁতীলীগের সভাপতি। তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালীন সময়ে দায়ের হওয়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর বিভিন্ন অভিযোগের মুখে গা-ঢাকা দেন তৎকালীন চেয়ারম্যান হেলাল উদ্দিন। এরপর পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রথমে ইউপি সদস্য মাহমুদ মিয়া এবং পরবর্তীতে ইউপি সদস্য সৈয়দ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ মে হেলাল উদ্দিন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফেরত পেতে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। 

আদালতের নির্দেশনা অনুযায়ী, রোববার (৭ জুন) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ইউএনও বায়েজীদ-বিন-আখন্দের উপস্থিতিতে চরম্বা ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। 

তবে দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা কার্যালয় থেকে ফেরার পথেই লোহাগাড়ার বিমান বিল্ডিং রোড এলাকায় বিক্ষুব্ধ জনতার মুখে পড়েন হেলাল উদ্দিন। জনতা তাকে আটকে রাখে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। 

এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা থাকায় হেলাল উদ্দিনকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে পরিষদের কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার মামলায় হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ বিকেলেই তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।’ 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পরিষদ  চেয়ারম্যান  ক্ষুব্ধ জনতা  তাঁতীলীগ নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: