আমেরিকান নাবিক রবিন লি গ্রাহাম বলেছেন, ‘At sea, I learned how little a person needs, not how much.’ অর্থাৎ, সমুদ্রে আমি শিখেছি মানুষের কত কম প্রয়োজন, কত বেশি নয়।
মানবসভ্যতার ইতিহাসে সমুদ্র কখনও ছিল আবিষ্কার বা ব্যবসা-বাণিজ্যের পথ, কখনও আবার রহস্যের আধার। তাই সাহিত্য কিংবা সিনেমায় বারবার স্থান পেয়েছে সমুদ্রের গল্প। নাবিককে সমুদ্র যেমন সরাসরি জীবনধর্মী শিক্ষা দিয়েছে, তেমনই অনেক সিনেমার মাধ্যমেও সমুদ্র মানুষকে জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে শিখিয়েছে।
সমুদ্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য স্মরণীয় সিনেমা। কিছু সিনেমা শুধু বিনোদনই দেয়নি, বরং প্রকৃতির শক্তি এবং জীবনের গভীর সত্যকে নতুনভাবে দেখার সুযোগ করে দিয়েছে।
টাইটানিক
সমুদ্র নিয়ে সিনেমার কথা ভাবলেই বোধহয় সবার আগে আসবে টাইটানিকের নাম। ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় প্রেম, ট্র্যাজেডি এবং মানবিক সংগ্রাম একসঙ্গে উঠে এসেছে। এ সিনেমায় জ্যাক ও রোজের কালজয়ী প্রেমকাহিনী দর্শকদের আবেগতাড়িত করে।
পরিচালক জেমস ক্যামেরন সিনেমাটিতে সমুদ্রের গভীরতা ও বিপর্যয়ের দৃশ্য এমন বাস্তবভাবে তুলে ধরেছিলেন যে, সিনেমাটি বিশ্ব সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে ওঠে। ইতিহাসভিত্তিক অন্যতম সফল সিনেমা এটি, যা ১১টি একাডেমি অ্যাওয়ার্ড জয় করেছিল। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পায়।
লাইফ অব পাই
সমুদ্র নিয়ে নির্মিত আরও একটি বিখ্যাত সিনেমার নাম লাইফ অব পাই। সিনেমায় দেখানো হয়, জাহাজডুবির পর কিশোর পাই প্যাটেল প্রশান্ত মহাসাগরে একটি লাইফবোটে আটকা পড়ে। তার সঙ্গে থাকে রিচার্ড পার্কার নামে একটি টাইগার। অ্যাং লি পরিচালিত বেঁচে থাকার এক অসাধারণ সংগ্রাম তুলে ধরা এ সিনেমা ২০১২ সালে মুক্তি পায়।
এ সিনেমায় বিশ্বাস, কল্পনা, ভয়, সাহস এবং মানবিক সহনশীলতার গল্প তুলে ধরা হয়েছে। অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্ট সমুদ্রকে এখানে কখনও ভয়ংকর, কখনও স্বপ্নময়, আবার কখনও অলৌকিক রূপে উপস্থাপন করেছে।
দ্য পারফেক্ট স্ট্রম
প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের বাস্তবধর্মী উপস্থাপনা দেখতে চাইলে এ সিনেমাটি দেখতে হবে। বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত দ্য পারফেক্ট স্ট্রম সিনেমায় একদল জেলের আটলান্টিক সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পর ভয়াবহ ঝড়ের মুখোমুখি হওয়ার গল্প দেখানো হয়েছে।
সিনেমাটি দেখায়, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় হতে পারে। বিশাল ঢেউ, তীব্র ঝড় এবং বেঁচে ফেরার মরিয়া প্রচেষ্টা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ধরে রাখে।
উলফগ্যাং পিটারসেন পরিচালিত জেলেদের জীবনের কঠোর বাস্তবতা তুলে ধরা এ অনবদ্য সিনেমা ২০০০ সালে মুক্তি পেয়েছিল।
মাস্টার এন্ড কমান্ডার : দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড
সামুদ্রিক যুদ্ধকে পর্দায় তুলে ধরা অন্যতম সুন্দর সিনেমা এটি। পিটার ওয়্যার পরিচালিত এ সিনেমায় দেখানো হয়, একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ও তার নাবিকদের দীর্ঘ সমুদ্রযাত্রা, শত্রুর পিছু ধাওয়া এবং কঠিন আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের গল্প। সমুদ্রের প্রতিকূলতা এবং নাবিকদের জীবনযাপন অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও সমুদ্রজীবনের নিখুঁত উপস্থাপনের মাস্টার এন্ড কমান্ডার সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়।
ফাইন্ডিং নিমো
সমুদ্রভিত্তিক সিনেমা মানেই যে কেবল ঝড়, বিপদ কিংবা ট্র্যাজেডি- এ ধারণা ভেঙে দেয় অ্যান্ড্রু স্টানটন পরিচালিত ফাইন্ডিং নিমো।
সিনেমায় দেখানো হয়, একটি ছোট ক্লাউনফিশ ‘নিমো’ হারিয়ে যাওয়ার পর তার বাবা মার্লিনের তাকে খুঁজে পাওয়ার অভিযানের গল্প। এই অ্যানিমেশন সিনেমাটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই সমান জনপ্রিয়। সিনেমাটি সমুদ্রের নিচের জীববৈচিত্র্যকে রঙিন ও প্রাণবন্তভাবে তুলে ধরেছে। একইসঙ্গে পরিবার এবং বন্ধুত্বের মূল্যবোধও সুন্দরভাবে উপস্থাপন করেছে।
শিশুদের মধ্যে সামুদ্রিক প্রাণী সম্পর্কে আগ্রহ তৈরি করা এ সিনেমা মুক্তি পায় ২০০৩ সালে।
সমুদ্র নিয়ে নির্মিত সিনেমাগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি এখনও লুকিয়ে আছে সেই নীল জলরাশির গভীরে। হয়ত সে কারণেই, শত-সহস্র বছর পেরিয়েও সমুদ্র মানুষের গল্প বলার ও অনুপ্রেরণার অন্যতম শক্তিশালী উৎস।
/মহু