দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। দেশটিতে দ্রুত কর্মী পাঠানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে।
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সাইডলাইনে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৮ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মরিশাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বর্তমান অবস্থা, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জনবল রপ্তানি শুরু করতে দুই দেশই সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে একমত পোষণ করেছে।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসের শ্রমবাজার পুনরুজ্জীবিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা ও বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু তৈরি পোশাক (টেক্সটাইল) খাতই নয়, মরিশাসের চাহিদা অনুযায়ী অভিজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বাংলাদেশের এই প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, ‘বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানিতে আমাদের গভীর আগ্রহ রয়েছে। বিশেষ করে মরিশাসের বিকাশমান ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য এই মুহূর্তে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন।’
তিনি আশ্বস্ত করেন যে, পুনরায় শ্রমবাজার চালুর আইনি প্রক্রিয়া হিসেবে সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়াটি খুব শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। এর পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন দেশটির শ্রমমন্ত্রী।
সময়ের আলো/জেডি