ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাহিয়ান রবিন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গফরগাঁও পৌরসভার শিলাসী গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু সাকিবুল হাসান মাসুম জানান, সোমবার ছিল রবিনের জন্মদিন। এ উপলক্ষে কয়েকজন বন্ধু মিলে পশু হাসপাতাল রোডের বউ বাজারে মাহাবুবের দোকানে কেক কেটে নাহিয়ান রবিনের জন্মদিন পালন করেন তারা।
অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ৩-৪ জন মুখোশধারী সন্ত্রাসী অতর্কিত তাদের ওপর হামলা চালায়। প্রথমে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়, এরপর লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
সাকিবুল হাসান মাসুম দৌড়ে পালিয়ে গেলেও সন্ত্রাসীরা রবিনকে মাথা ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে রবিন মারা যান। আহত সাকিবুল হাসান মাসুম আরও জানান, আমি গফরগাঁও পৌরসভা সদরের বিকাশের ডি এস ও বিভিন্ন এজেন্টের বি টু বি ট্রানজাকশন (লেনদেন) করি।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, রবিন আগে ছাত্রলীগের কর্মী থাকলেও সম্প্রতি সে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিল।
কান্নাজড়িত কণ্ঠে রবিনের বাবা মোফাজ্জল হোসেন বলেন, আমার কোনো শত্রু ছিল না। আমরা খেটে খাওয়া মানুষ। আমার একমাত্র ছেলেকে যারা খুন করেছে, আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনার পরপরই পৌর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বাসা থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সময়ের আলো/জোই