চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’

2026-06-09T21:47:43+00:00
2026-06-09T21:47:43+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৯)
চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার উদ্বোধনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ (এসওডিআইসি-সিইউ) এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী ফলক উন্মোচনের পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আলোচনা সভার পূর্বে চবি বিএনসিসি কর্তৃক প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল অর্থনীতিতে (ব্লু ইকোনমি) নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে এই কেন্দ্রের প্রতিষ্ঠা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক তথ্য বিনিময় ও সামুদ্রিক গবেষণার নতুন যুগে প্রবেশ করলো।

মীর হেলাল আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ এবং বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া ও জীবিকা বহুলাংশে নির্ভরশীল। আমাদের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ সম্পদ এখনো অব্যবহৃত রয়ে গেছে, কারণ এ সব সম্পদের সঠিক অবস্থান বা এর সর্বোচ্চ ব্যবহার কীভাবে নিশ্চিত করা সম্ভব তা আমাদের জানা নেই। এই বিশেষায়িত ডাটা ইনোভেশন সেন্টারটি সেই তথ্যের শূন্যতা পূরণ করবে। এখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র গবেষণা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।


দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর দেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে নির্ভুল পূর্বাভাসের অভাবে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে, এই কেন্দ্রের মাধ্যমে তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি, উপকূলীয় ও গভীর সমুদ্রে মাছের অবস্থান ও আবহাওয়ার তথ্য সরবরাহের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেরা উপকৃত হবেন। কাকতালীয়ভাবে এই কেন্দ্রটি ভূমি প্রতিমন্ত্রীর নিজস্ব নির্বাচনি এলাকার আওতাভুক্ত হওয়ায় তিনি অত্যন্ত গর্ব প্রকাশ করেন এবং এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে এই কেন্দ্রটি প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী মীর হেলাল চীন দূতাবাস কর্তৃপক্ষ, দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শেওপেং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সংশ্লিষ্ট কর্মকর্তা, চবি উপাচার্য ও তার দলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ও উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ শামীমউদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামালউদ্দিন, চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শেওপেং এবং সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফুঁ বিন।

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাহমিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, চীন থেকে আগত অতিথি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   চবি  স্যাটেলাইট  ওশান অবজারভেশন সেন্টার  উদ্বোধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: