আসন্ন বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই ব্রাজিলকে ফেবারিটের তালিকা থেকে বাদ দেওয়া এবং দলের ফুটবলারদের সামর্থ্য নিয়ে ওঠা সমালোচনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, ব্রাজিলকে অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ মাঠের লড়াইয়ে নামার আগে তাদের বুকেই জ্বলজ্বল করছে পাঁচ-পাঁচটি বিশ্বকাপ জয়ের অনন্য গৌরব।
সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘দ্য রিজ’ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া সব নেতিবাচক পূর্বাভাস উড়িয়ে দেন গিমারেস। সম্প্রতি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে মন্তব্য করেছিলেন যে বর্তমান ব্রাজিল দলে ‘আলাদা করে চেনার মতো’ কোনো বড় তারকা নেই। অন্যদিকে মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেস এক সাক্ষাৎকারে দাবি করেন যে, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল বড়জোর ষষ্ঠ স্থান পর্যন্ত যেতে পারবে।
সমালোচকদের এমন নেতিবাচক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে চমৎকার এক গোল করা গিমারেস বলেন, ‘আমার মনে হয় অনেকে কেবল মনোযোগ আকর্ষণের জন্যই এসব কথা বলেন। ব্রাজিল যেকোনো টুর্নামেন্টে খেলতে গেলেই সব সময় ফেবারিট থাকে। আর অন্য কোনো দলের বুকে আমাদের মতো পাঁচটি তারকা নেই।’
ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াদের মতো সতীর্থদের উদাহরণ টেনে গিমারেস আরও বলেন, ‘আমরা জানি মাঠের লড়াইয়ে অতীতের তারকা কোনো প্রভাব ফেলে না, তবে আমরা এখানে নিজেদের সেরাটা দিতেই এসেছি। বিশ্বের সেরা ক্লাবগুলোয় আমাদের খেলোয়াড়েরা দারুণ ফর্মে আছে। আমাদের খেলোয়াড়দের যে সম্মান প্রাপ্য, তা দেওয়া উচিত।’
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে মূল পর্বের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির দল, যেখানে শীর্ষ স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে ছিল। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রীতি ম্যাচের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে সেলেসাওদের। রিও ডি জেনিরোতে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর ওহাইওতে মিসরকে হারায় তারা। আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, যেখানে গ্রুপ ‘সি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
তবে মাঠের লড়াই শুরুর আগেই চোটের বড় ধাক্কা লেগেছে ব্রাজিল শিবিরে। ঊরুর গুরুতর চোটে দল থেকে ছিটকে গেছেন রোমার রাইট ব্যাক ওয়েসলি এবং তাঁর জায়গায় আতালান্তার ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ আনচেলত্তি। সতীর্থের ছিটকে যাওয়া নিয়ে গিমারেস বলেন, টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে এমন চোট সত্যি দুর্ভাগ্যজনক এবং এখন মাঠে বাকিদের ওয়েসলির জন্য আরও বেশি লড়তে হবে।
এদিকে ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়েও চরম শঙ্কা তৈরি হয়েছে। ২০২৩ সালের পর জাতীয় দলের জার্সি না পরা এই সান্তোস ফরোয়ার্ডকে চোটের ঝুঁকি সত্ত্বেও দলে রেখেছিলেন আনচেলত্তি। কিন্তু কাফ মাসলের নতুন চোটের কারণে গ্রুপ পর্বে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
সময়ের আলো/টিএইচ