চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারমুখী চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে মোহাম্মদ টিপু (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিরবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়ার হারবাং এলাকার মো. শাহজাহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শরফু সিকদার বলেন, নিহত টিপু নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে রেললাইনে হাঁটতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিপু সাতকানিয়ার বারদোনায় নানার বাড়িতে বেড়াতে আসে। বিকেলে ঘটনাস্থলে রেললাইনে ঘুরতে যায়। সে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। ফলে ট্রেনে বাঁশি শুনতে পায়নি। এসময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেনের ধাক্কায় আহত এক কিশোরকে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি।”
সময়ের আলো/জেডি