কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল

সংসদ প্রতিবেদক

জাতীয়

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে

2026-06-10T02:16:16+00:00
2026-06-10T02:16:16+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:১৬ এএম   (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

একই সঙ্গে স্টার্টআপ, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

তিনি জানান, বৈদেশিক মুদ্রাবাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একাধিক সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ফশফন এসব তথ্য তুলে ধরেন। মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে। 

পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি খাতে সহায়তার অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার জন্য ১ হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হয়েছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা উন্নয়নের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

শুধু বড় শিল্প নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে নতুন উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও বাজারসংযোগের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। 

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিলের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বাজেটে এ খাতে আরও বড় পরিসরে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য পরিচালিত পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর জামানতসাপেক্ষে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। 

একই সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ নামে আরও ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখান থেকে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে। শুধু ঋণ নয়, স্টার্টআপ খাতে ইক্যুইটি বিনিয়োগের সুযোগও সৃষ্টি করা হচ্ছে। এ লক্ষ্যে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারত্বে বাংলাদেশ ইনভেসমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। 

ডলার পরিস্থিতি নিয়ে আশাবাদ : সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপের ফলে বৈদেশিক লেনদেনে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রফতানি আয় সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনার ইতিবাচক প্রভাব পড়ছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত রেজুলেশন কাঠামো গড়ে তুলেছে। 

‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’-এর আওতায় পাঁচটি সমস্যাপীড়িত ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে ‘আমানত সুরক্ষা আইন-২০২৬’-এর মাধ্যমে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখা হচ্ছে। ফলে নতুন অর্থবছরে বিড়ির দাম বাড়ছে না। 

বিড়ির ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং প্রচলিত কর কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে আগামী অর্থবছরে বিড়ির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই।

আইটি দক্ষতায় বিদেশে চাকরির সুযোগ : দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটরের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা জনসংখ্যার প্রায় দ্বিগুণে পৌঁছেছে বলে জাতীয় জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে এক হাজার তরুণকে আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে, যার মাধ্যমে বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে চাকরির সুযোগ তৈরি হবে। এ ছাড়া ডাক বিভাগের সেবাকে আধুনিক ও গ্রাহকবান্ধব করতে ঢাকায় ২৪ ঘণ্টা সেবাদানকারী ‘স্মার্ট পোস্ট বক্স’ স্থাপন এবং পুরো ডাকসেবা কার্যক্রমকে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন অপারেটর সেবা দিচ্ছে। এগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড। এসব প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

ডাক বিভাগের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নাগরিকদের দ্রুত ও সহজ সেবা দিতে ‘আমার ডাক’ অ্যাপভিত্তিক একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে পুরো ডাকসেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা হবে। ঢাকা শহরে ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে স্থাপন করা হবে ‘স্মার্ট পোস্ট বক্স’। 

একই সঙ্গে ডাক অধিদফতরের জন্য ‘ডাক কমার্স’ নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা হবে, যা ডাকসেবাকে সম্পূর্ণ ডিজিটাল রূপ দিতে সহায়ক হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ডাকপণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ এবং জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে।

নূরুন্নিসা সিদ্দিকার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে আগামী ৫ বছরে এক হাজার আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটকে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন প্রশিক্ষণ দেওয়া হবে। 

এই প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মবাজারের চাহিদা পূরণে আরও ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিকস এবং সাইবার সিকিউরিটি বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। 

বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ : বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। 

তিনি বলেন, বাংলাদেশ যদি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তির জোগান বাড়াতে না পারে, তা হলে বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চঝুঁকি রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিস উত্থাপনকালে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিসটি গ্রহণ না করলেও বিষয়টির ওপর দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন। 

এ সময় নিলোফার চৌধুরী মনি বলেন, কথায় আছে, গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশ সামনের দিকে অগ্রসর করে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে এই খাত থেকে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান এসেছে। 

তিনি বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু তাদের অধিকাংশই অদক্ষ ও স্বল্পশিক্ষিত। অন্যদিকে বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে, ফলে কম দক্ষ শ্রমিকের চাহিদা ক্রমেই কমে আসছে।

/এসএকে


  বিষয়:   কৃষি. কৃষক  অর্থনীতি  হাজার  কোটি  টাকা  বাজেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: