ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
বুধবার (১০ জুন) ভোররাত ৪ টা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকামুখী লেনের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গজারিয়া অংশে যানজট থাকলেও তার সূত্রপাত ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে। সেখানকার আষাঢ়িয়া চর এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে ঢাকামুখী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে সৃষ্ট যানজট সময় বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভবেরচর, ভাটেরচর ও জামালদি বাসস্ট্যান্ডসহ গজারিয়ার বিভিন্ন অংশে যানবাহনের চাকা প্রায় ঘুরছেই না। দীর্ঘক্ষণ একই জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার যানবাহনগুলোকে।
ঢাকামুখী ট্রাকচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ভবেরচর থেকে জামালদী বাসস্ট্যান্ডের এই সামান্য পথ পাড় হতেই প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে আছি। এভাবে চললে কখন গাজীপুর পৌঁছাব তা আল্লাহই জানেন।’
বাসচালক আব্দুস সাত্তার জানান, ভোররাতে ভাটেরচর এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। দীর্ঘ সময় পার হলেও জট ছাড়ার কোনো লক্ষণ দেখছেন না।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি ইতোমধ্যে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
/মহু