কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী কচাকাটা সীমান্তবর্তী দুধকুমার, গংগাধার, সংকোশ ও ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ইলেকট্রিক শক ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ শক মেশিন, ব্যাটারি ও মাছ ধরার নেট জাল জব্দ করেছে কচাকাটা থানা পুলিশ।
সোমবার (৯ জুন) রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত পরিচালিত এ সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন মুনতাসির মামুন মুন। তার নেতৃত্বে কচাকাটা থানা পুলিশের একটি দল গংগাধার, সংকোশ ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু জেলে রাতের আঁধারে নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে নদীতে মাছ শিকার করে আসছিল। এই পদ্ধতিতে শুধু মাছ নয়, বিভিন্ন প্রজাতির উপকারী জলজ প্রাণীও নির্বিচারে নিধনের শিকার হচ্ছে। ফলে নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। তবে তাদের ব্যবহৃত বেশ কয়েকটি অবৈধ শক মেশিন, ব্যাটারি ও মাছ ধরার নেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় কারেন্ট শক দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ধ্বংসাত্মক পদ্ধতির কারণে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই