কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসচালক ও এক যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সূত্রে জানা গেছে, গত সোমবার ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এক ব্যক্তি দুই নারীসহ একটি মাইক্রোবাস ভাড়া করতে আসেন। এ সময় ভাড়া নিয়ে মাইক্রোবাসচালক পলাশের সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি ওই যাত্রীর স্বজন এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত অন্তর লাল ওরফে হুলুদের কানে পৌঁছায়।
অভিযোগ রয়েছে, বুধবার দুপুরে অন্তর লাল ও তার সহযোগীরা চালক পলাশের বাড়ি এবং মাইক্রোবাস স্ট্যান্ডের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এর প্রতিক্রিয়ায় মাইক্রোবাসচালকদের একটি দল অন্তর লালের মালিকানাধীন হোটেল ও শোরুমে ভাঙচুর করে।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
/এসএকে