এবারের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে শুরু হয়ে গেছে সাধারণ দর্শক ও তারকাদের উন্মাদনা। কে কোন দল সাপোর্ট করেন তা ইতিমধ্যে জানান দিতে শুরু করেছেন। পছন্দের দলের জন্য অগ্রিম শুভকামনাও জানাচ্ছেন অনেকে। যাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই শতভাগ। ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশে পিছিয়ে নেই তারকারাও
জাহিদ হাসান : দুই পর্দার জনপ্রিয় এই অভিনেতা ছোটবেলা থেকেই সমর্থন করেন আর্জেন্টিনাকে। ফুটবল ভালোবাসেন। সময় পেলে খেলা দেখেন। বিশ্বকাপের খেলাগুলোও মিস করবেন না।
নোবেল : অনেক আগে থেকেই আমি ব্রাজিলের সমর্থক। তাদের ফুটবল খেলায় শিল্প থাকে, একটা ছন্দ খুঁজে পাই। তাই ওদের খেলা দেখতেও ভালো লাগে। ফুটবলের সব সৌন্দর্য রয়েছে তাদের খেলায়। আগে বিশ্বকাপ ফুটবল এলেই বন্ধুরা মিলে বড়পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতাম। এবার কিছু খেলা হয়তো সেভাবে দেখব। তবে মাঝরাতের খেলাগুলো ঘরে পরিবারের সঙ্গে দেখব।
আসিফ আকবর : আমার প্রিয় দল ব্রাজিল। এ দলের খেলা হলেই বন্ধুবান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। ব্রাজিল প্রিয় দল হলেও প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। লাতিন দলগুলোও এবার বিশ্বকাপে ভালো করবে। তবে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে আশা করি।
শাকিব খান : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ফুটবল খেলা উপভোগ করেন। তবে তার পছন্দের দল নিয়ে কখনোই খোলামেলা কিছু বলেননি। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই দলেরই জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে এই শীর্ষ তারকাকে।
অপু বিশ্বাস : জনপ্রিয় এই নায়িকা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। একসময় না বুঝে ব্রাজিল সাপোর্ট করতেন। এখন তিনি সাপোর্ট করেন খেলা বুঝে। এ কথা সম্প্রতি তিনি নিজেই জানান। ছেলে আব্রাম খান জয়কেও ব্রাজিলের জার্সি পরিয়ে বানিয়েছেন দলটির সমর্থক।
বুবলী : ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই ভালো লাগে বুবলীর। তিনি বলেন, ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে যে দলই ভালো খেলে, সে দলকেই সমর্থন করি।
চঞ্চল চৌধুরী : বিশ্বকাপের খেলা আগ্রহের সঙ্গে দেখি। এবারের বিশ্বকাপের খেলাগুলোও দেখার চেষ্টা করব। বেশিরভাগ খেলা দেখি শুটিংয়ের ফাঁকে। আমি কঠিনভাবে আর্জেন্টিনার সাপোর্টার। প্রিয় দলের সব খেলাই দেখব। নিজের দল বাদ গেলে খেলা দেখা বাদ দেব।
পরীমণি : আলোচিত এই নায়িকাও আর্জেন্টিনার সমর্থক। তবে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পছন্দ করেন। এ নিয়ে তার নিজস্ব দর্শন রয়েছে। তিনি বলেন, আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি। কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো। সাপোর্টার তো হতেই পারি, তাই বলে অন্য দল নিয়ে তর্কাতর্কির মধ্যে নেই।
জিয়াউল ফারুক অপূর্ব : ছোটপর্দার জনপ্রিয় জিয়াউল ফারুক অপূর্ব সমর্থন করেন ব্রাজিলকে। হলুদ জার্সি পরে টিভি স্ক্রিনের সামনে থাকবেন প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ দেখতে। ফুটবল নিয়ে অপূর্বর বিশেষ উন্মাদনা দেখা গিয়েছিল গত কোপা আমেরিকার আসরেও।
আব্দুন নূর সজল : সজলের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। অনেক কারণেই তিনি এই দলকে সমর্থন করে বলে জানান। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনার জন্য। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।
সিয়াম আহমেদ : জনপ্রিয় এই অভিনেতার পছন্দের দল স্পেন। তিনি বলেন, স্পেনের খেলা আমাকে ভীষণ টানে, ভালো লাগে। শুরু থেকেই স্পেন সমর্থন করি। বেশিরভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্যরকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আশা করছি স্পেন ভালো কিছু করবে।
রাফিয়াত রশীদ মিথিলা : এই অভিনেত্রী সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।
আরফিন রুমি : আমার অলটাইম ফেবারিট টিম আর্জেন্টিনা। এ দলের খেলা থাকলে মিস করি না। আমার ধারণা এবারের আসর মাতাবেন বিশ্বসেরা খেলোয়াড় মেসি। আর মেসি যদি তার সেরাটা দিতে পারেন তা হলে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।
ইমরান মাহমুদুল : ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার কাছে ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি। মেসির প্রতি তার ভালোবাসাটা অন্যরকম। তিনি চান এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতুক।
মাসুমা রহমান নাবিলা : ফুটবল খেলার এ আসর নিয়ে নিজের অনুভূতি ও পছন্দের দল নিয়ে প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী নাবিলা বলেন, আমি ফুটবল খেলা দেখি। আমি ব্রাজিলের ভক্ত। এবারের বিশ্বকাপ ফুটবলে চাইবো ব্রাজিল জিতুক।
বিদ্যা সিনহা মিম : আমার প্রিয় দল ব্রাজিল। এটি শুধু আমার একার পছন্দের নয়। পরিবারের প্রতিটি সদস্যই ব্রাজিলের সমর্থক। আর অপেক্ষা সইছে না। কারণ ব্রাজিলই বিশ্বকাপ নেবে। তাই খেলা শুরুর অপেক্ষায় আছি।
সুমাইয়া শিমু : আমার প্রিয় দল আর্জেন্টিনা। খেলা বোঝার পর থেকেই এ দলের প্রতি আমার দুর্বলতা। বাসায় বসে খেলা দেখতে চাই। তবে নাটকের শুটিং থাকলে স্পটে খেলা দেখব। এবার যদি আর্জেন্টিনা ফাইনালে ওঠে, তা হলে সবকিছু বাদ দিয়ে খেলা দেখব। আমি চাই আমার প্রিয় দল শিরোপা জিতুক।
জাকিয়া বারী মম : বিশ্বকাপ ফুটবলের বেশিরভাগ খেলাই দেখার চেষ্টা করব। এবার সবার খেলা খুব স্পিডি এবং ভালো হবে। আমি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দল হারার পর ভালো লাগে জার্মানির খেলা।
মেহজাবীন চৌধুরী : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। আশা করছি এবারের বিশ্বকাপে জয় করবে ব্রাজিল।
তানজিকা আমিন : মিথিলার মূলত তানজিকারও পছন্দের দল আর্জেন্টিনা। নিজ দলের প্রতি সমর্থন জানিয়ে এই অভিনেত্রী বলেন, কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা। আমি খুব করে চাই প্রিয় দল এবার বিশ্বকাপ জিতুক। প্রিয় দল ভালো কিছু করুক।
তটিনী : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর প্রিয় ফুটবল দল হলো আর্জেন্টিনা। তিনি লাতিন আমেরিকার এই দলটিকে সমর্থন করেন এবং বিভিন্ন সময় তার পছন্দের কথা প্রকাশ করেছেন। সম্প্রতি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
নাজনীন নীহা : ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। খেলা খুব গভীরভাবে বিশ্লেষণ করি না কিন্তু মেসির খেলা দেখতে ভালো লাগে। এ কারণেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়েছে। প্রিয় দলের খেলা দেখার জন্য অপেক্ষা করছি।
অন্যদিকে খলঅভিনেতা মিশা সওদাগর ব্রাজিলের সমর্থক। চিত্রনায়ক সায়মন সাদিকও তাই। মেসির দলের খেলা পছন্দ হালের আলোচিত নায়িকা পূজা চেরিরও। তবে অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন। ম্যারাডোনা থেকে মেসি- সবাইকেই তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। অভিনেতা ফারুক আহমেদও আর্জেন্টিনার সমর্থক।
সময়ের আলো/আআ