দীর্ঘ বিরতির পর আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসানা আরা বিন্দু। তবে নাটক নয়, ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিন্দুকে।
সম্প্রতি সিরিজটির নতুন পোস্টার প্রকাশ করেছে হইচই বাংলাদেশ। পোস্টারে দেখা গেছে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে। তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ- গল্পটির অনুসন্ধানধর্মী আবহের ইঙ্গিত দেয়। ‘হেডলাইন’-এর অন্যতম বড় আকর্ষণ আফসানা আরা বিন্দুর প্রত্যাবর্তন। বিষয়টি সাড়া ফেলেছে দর্শকমহলে।
বিন্দুর সঙ্গে সিরিজটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল এবং রায় রাজন্যাসহ আরও অনেকে।
সিরিজটির পরিচালক সালেহ সোবহান অনীমের মতে, নানা অস্থিরতার সময়ে দর্শকদের জন্য একটি স্বস্তিদায়ক গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তারা। ‘হেডলাইন’ শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয় বরং এর আড়ালে রয়েছে আবেগ, সম্পর্ক এবং পারিবারিক টানাপোড়েনের এক মানবিক গল্প।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা আফসানা আরা বিন্দুর এই প্রত্যাবর্তন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, তার উত্তর মিলবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।
২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় বিন্দুর। অল্প দিনেই হয়ে ওঠেন মিডিয়ার নিয়মিত মুখ। বিয়ের পর অভিনয় থেকে বিরতি যান বিন্দু। বিরতি নেওয়ার আগে ২০১৪ সালের শুধু পবিত্র কুরবানির ঈদেই প্রচারিত হয় তার অভিনীত ৫২টি নাটক। ছোটপর্দার পাশাপাশি বিন্দু অভিনয় করেছেন সিনেমাতেও।
সময়ের আলো/আআ