ঝালকাঠিতে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বসুন্ধরা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মাসুম বিল্লাহ (৪২)। তিনি পূর্ব চাঁদকাঠি এলাকার আবুল কালামের ছেলে।
ডিবি পুলিশের জানান, সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন।