আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে বড় পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট সিরিজেও। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী অক্টোবরে দুই দলের মধ্যে যে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি আর হচ্ছে না। নতুন পরিকল্পনার অংশ হিসেবে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিতে পরিবর্তন আনার পর নিজেদের আন্তর্জাতিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস করতে বাধ্য হয় অস্ট্রেলিয়া। এর ফলেই বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাদ দেওয়া হয়েছে।
আগের সূচি অনুযায়ী, অক্টোবর মাসে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলত। ব্রিসবেন ও সিডনিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। তবে নতুন সিদ্ধান্তে একদিনের সিরিজ বহাল রাখা হলেও সংক্ষিপ্ত সংস্করণের লড়াই আর হচ্ছে না।
আরও পড়ুন
ক্রিকেট অস্ট্রেলিয়ার সংশোধিত সূচি অনুযায়ী, ওই সময় বাংলাদেশের পরিবর্তে নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পরবর্তীতে আগামী বছরের মার্চে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে।
মূলত নারী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের সময় পরিবর্তন করা হয়েছে। জুন-জুলাইয়ের পরিবর্তে প্রতিযোগিতাটি এখন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই পরিবর্তনের ফলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সূচিতে সমন্বয় আনতে হচ্ছে।
যদিও টি-টোয়েন্টি সিরিজ বাতিল হয়েছে, তবুও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী দলগুলোর মধ্যকার ওয়ানডে সিরিজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। ফলে দুই দলের ক্রিকেটাররা অন্তত ৫০ ওভারের সংস্করণে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন।
এএডি/