বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার বাসিন্দা হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন উপজেলার কামরুল হাসান (৩৫)।
প্রত্যক্ষদর্শী মো. তুহিন জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনে চারজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। এ সময় তৃতীয় তলায় কর্মরত দুই শ্রমিকের ব্যবহৃত একটি স্টিলের অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। পরে অ্যাঙ্গেলটি সরানোর চেষ্টা করলে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, আহত দুই শ্রমিক শারীরিকভাবে সুস্থ থাকলেও তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং অপরজন চরম আতঙ্কে রয়েছেন।
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/এসএকে