দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেন ভ্রমণে লাগবে না কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়ায়ও তারা পাবেন ২৫ শতাংশ ছাড়।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নিরাপদ, আধুনিক ও টেকসই রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে আরও কার্যকর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ‘দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।’
আমির খসরু মাহমুদ আরও জানান, আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশেই কোচ এবং লোকোমোটিভ সংযোজন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালুর মাধ্যমে রেল চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করা হবে।
এ ছাড়া, চাহিদা বিবেচনায় ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল যোগাযোগ চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
/মহু