মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে ডিএলএস পদ্ধতিতে জয়ের নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। তবে এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম নাটকীয়তা আর চাপের মুখে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে ধাক্কা খেলেও, আম্পায়ারের ভুল সিদ্ধান্তের হাত থেকে রিভিউ নিয়ে বেঁচে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিকেলের দিকে বৃষ্টি থামার পর মাঠ শুকানোর কাজ শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে পুনরায় খেলা শুরু হয়। ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচের ওভার কমিয়ে ৪১ ওভার করা হয় এবং বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ১৯২ রান। নতুন নিয়ম অনুযায়ী, পাওয়ার প্লে তিন ভাগে ভাগ করা হয়েছে—প্রথম ৮ ওভার প্রথম পাওয়ার প্লে, ৯ থেকে ২৫ ওভার পর্যন্ত দ্বিতীয় এবং ২৬ থেকে ৪১ ওভার পর্যন্ত থাকবে তৃতীয় পাওয়ার প্লে। এছাড়া একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করার সুযোগ পাবেন।
এর আগে, বৃষ্টির কারণে ৪২ ওভারে ১৮৭/৮ রানেই থমকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে আর ব্যাটিংয়ে নামতে হয়নি তাদের।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। অজি বোলার জেভিয়ার বার্টলেটের প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন করেছিল অস্ট্রেলিয়া, তবে আম্পায়ার সাড়া দেননি। সফরকারীরাও রিভিউ নেয়নি। কিন্তু পরের বলেই আর রক্ষা হয়নি। বার্টলেটের অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে সোজা বোলারের হাতেই ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। কোনো রান না করেই সাজঘরে ফেরেন এই ওপেনার। শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসেই বার্টলেটের বলে ফলো থ্রুতে প্রায় ক্যাচ দিয়ে বসেছিলেন তিনিও। তবে বার্টলেট তাঁর নিজের বলে সেই কঠিন ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন।
নাটকীয়তার এখানেই শেষ নয়! জীবন পাওয়ার পরের বলেই শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন মাঠের আম্পায়ার। আউট ঘোষণার সাথে সাথেই রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। পরে টেলিভিশন রিপ্লে ও রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাতই করত না। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় এবং গুরুত্বপূর্ণ উইকেটের পতন থেকে বেঁচে যায় বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারে এসে ওয়াইড থেকে ম্যাচের প্রথম রানের খাতা খোলে বাংলাদেশ। সিরিজ জয়ের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে এই মুহূর্তে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শুরুতে উইকেট হারালেও লক্ষ্য তাড়া করে সিরিজ নিজেদের করে নিতে এখনো ফেভারিট বাংলাদেশই।
/কহু