আজ থেকে শুরু হওয়া ফুটবল ইতিহাসের বৃহত্তম মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর উদ্বোধনী দিনের দুটি ম্যাচ নিয়ে ক্রীড়া পরিসংখ্যান ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে এক আকর্ষণীয় ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে। ১০ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ওপর ভিত্তি করে তৈরি এই পূর্বাভাসে গ্রুপ ‘এ’-এর প্রথম দুটি ম্যাচের সম্ভাব্য ফলাফল এবং গ্রুপ টেবিলের সমীকরণ তুলে ধরা হয়েছে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের চেনা পরিবেশ এবং গ্যালারিভর্তি দর্শক সমর্থনের কারণে এই ম্যাচে মেক্সিকোকেই স্পষ্ট ফেভারিট বা এগিয়ে রাখছে অপটা সুপারকম্পিউটার। সিমুলেশন অনুযায়ী, স্বাগতিক মেক্সিকোর জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ৬৬.৩ শতাংশ। বিপরীতে, দক্ষিণ আফ্রিকার অঘটনের বা জয়ের সম্ভাবনা মাত্র ১৪.৩ শতাংশ। ম্যাচটি অমীমাংসিত বা ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৯.৪ শতাংশ।
গ্রুপ পর্বের শুরুতেই নয়, অপটার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মেক্সিকোকেই গ্রুপ ‘এ’-এর টেবিল টপার বা শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে যাওয়ার শক্তিশালী দাবিদার বলা হয়েছে। মেক্সিকোর এই দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস এবং ১৭ বছর বয়সী তরুণ মিডফিল্ডার জিলবার্তো মোরা। এছাড়া মেক্সিকান প্রাচীর খ্যাত গোলরক্ষক গুইলারমো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। অন্যদিকে, ২০১০ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের পর এবারই প্রথম (সবমিলিয়ে চতুর্থবার) বিশ্বমঞ্চে খেলবে দক্ষিণ আফ্রিকা।
দিনের দ্বিতীয় ম্যাচে গুয়াদালাহারার মাঠে মুখোমুখি হবে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দল চেক প্রজাতন্ত্র। এই ম্যাচটিতে তুলনামূলক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে সুপারকম্পিউটার, তবে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে কোরিয়ানরা। সিমুলেশন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার জয়ের সম্ভাবনা ৪২.৯ শতাংশ। অপরাদিকে ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা চেকদের জয়ের সম্ভাবনা ৩১.১ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৬.০ শতাংশ, যা নির্দেশ করে মাঠের লড়াই কতটা তীব্র হতে পারে।
অপটার সামগ্রিক গ্রুপ আউটলুক অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার নকআউট রাউন্ডে (শেষ ৩২) যাওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২১.৩ শতাংশ। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ৬৪.৩ শতাংশ এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৭.৯ শতাংশ। সবমিলিয়ে গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াই পরের রাউন্ডের দৌড়ে এগিয়ে রয়েছে।
/কহু