জয়ে প্রস্তুতি সারল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ইংল্যান্ড। নাইজেরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে

2026-06-12T03:18:54+00:00
2026-06-12T03:18:54+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
খেলা
জয়ে প্রস্তুতি সারল পর্তুগাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:১৮ এএম   (ভিজিট : ১১)
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ইংল্যান্ড। নাইজেরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, আর কোস্টারিকাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ইংল্যান্ড।

লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। তবে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্টে শট নেন তিনি। এরপর ২৩ মিনিটে পেদ্রো নেতোর দুর্দান্ত গোলে লিড নেয় স্বাগতিকরা। 

দিয়োগো দালোতের কাটব্যাক থেকে পাওয়া বল নিখুঁত কোনাকুনি শটে জালে জড়ান চেলসি উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে এটি ছিল নেতোর তৃতীয় গোল।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৭ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে পর্তুগালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে সমতায় ফেরে নাইজেরিয়া। সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন অ্যাডামস। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে রবার্তো মার্তিনেসের দল। জোয়াও ফেলিক্সের একাধিক প্রচেষ্টা গোলের খুব কাছে গিয়েও সফল হয়নি। একবার তার শট প্রতিহত করেন গোলরক্ষক, আরেকবার বল আঘাত হানে ক্রসবারে। অন্যদিকে রোনালদোও কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

৬৪ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে গঞ্জালো রামোসকে মাঠে নামান কোচ মার্তিনেস। এরপর ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেইকাও দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন। ডান প্রান্ত থেকে ডি-বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ২-১ গোলের এই জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করল পর্তুগাল। আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে পর্তুগালের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই কোস্টারিকার ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ম্যাচের নবম মিনিটে ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি গর্ডন।

শেষদিকে ৮৭ মিনিটে ওলি ওয়াটকিন্স গোল করলে ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় ইংল্যান্ডের দাপুটে জয়। বিশ্বকাপের আগে এটিই ছিল ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচ। জয় দিয়ে প্রস্তুতি শেষ করায় বিশ্বকাপের মূল মঞ্চে আত্মবিশ্বাসী অবস্থান থেকেই নামবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ইংল্যান্ড।


  বিষয়:   পর্তুগাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: