জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ যথাযথভাবে আদায় করা। কোরআন ও হাদিসে এই দিনের গুরুত্বের কথা উল্লেখ আছে।
আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। (সুরা জুমুআহ, আয়াত : ৯)
জুমার দিনে মুসলমানদের উচিত ভালোভাবে গোসল করে পবিত্র হওয়া, পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান করা এবং দ্রুত মসজিদে গমন করা।
হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করার সওয়াব পায়। (সহিহ বুখারি, হাদিস : ৮৮১)
মসজিদে গিয়ে নফল নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকা অত্যন্ত ফজিলতপূর্ণ। এরপর খুতবা মনোযোগ দিয়ে শোনা আবশ্যক। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে ইমামের খুতবার সময় কথা বলবে, তার জুমা বাতিল হওয়ার আশঙ্কা থাকে’। (সহিহ মুসলিম)
সবশেষে, একাগ্রতার সাথে জুমার নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে দোয়া করা এই দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল। তাই জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
/এসএকে