গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আবিদ ডাইং কারখানার সামনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী প্রথমে ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত শ্রীপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও প্যান্ট। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্তে কাজ চলছে।
তিনি আরও জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, এটি হত্যাকাণ্ড কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
/এসএকে