বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এবার ছড়িয়ে পড়েছে কারাগারের চার দেয়ালের ভেতরেও। কারাবন্দিদের মানসিক সুস্থতা ও বিনোদনের কথা বিবেচনা করে গাজীপুরের কাশিমপুর কারাগারে বিশ্বকাপের ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ জুন) কারা কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানা গেছে।
কারা সূত্র জানায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। মূলত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ম্যাচগুলো দেখানো হবে। এছাড়া যেসব স্থানে টেলিভিশনের ব্যবস্থা সীমিত, সেখানে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা কর্মকর্তারা জানান, বন্দিদের মানসিক স্বস্তি ও বিনোদন নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগও সেই কার্যক্রমেরই অংশ। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার সুযোগ দেওয়া হবে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছুটা সংকট রয়েছে। প্রয়োজনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, তাদের কারাগারে প্রায় সাড়ে ৩ হাজার বন্দি রয়েছেন। খেলা দেখতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কারাগারের প্রায় ৯৫ শতাংশ সেলে বিটিভি সংযোগ রয়েছে এবং সবগুলোতেই খেলা দেখার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দিরাও বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের কোনো সংকট থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের এ উদ্যোগে বিশ্বকাপ ফুটবলের আনন্দে সামিল হওয়ার সুযোগ পাচ্ছেন কাশিমপুরের হাজারো কারাবন্দি।
আরবিএন