সরু সড়কে ম্লান দুই সেতুর সুফল, আড়াই বছরে নিহত ৪৫

মোস্তফা কামাল, নড়াইল

সারাদেশ

পদ্মা ও মধুমতি সেতু চালুর পর ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে মহাসড়কের ভাটিয়াপাড়া-বেনাপোল অংশ এখনো প্রশস্ত না

2026-06-12T15:59:18+00:00
2026-06-12T15:59:18+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
সরু সড়কে ম্লান দুই সেতুর সুফল, আড়াই বছরে নিহত ৪৫
মোস্তফা কামাল, নড়াইল
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : সময়ের আলো
পদ্মা ও মধুমতি সেতু চালুর পর ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে মহাসড়কের ভাটিয়াপাড়া-বেনাপোল অংশ এখনো প্রশস্ত না হওয়ায় প্রায়ই ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গত আড়াই বছরে নড়াইল-বেনাপোল মহাসড়কে ৭৫টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। ফলে পদ্মা ও মধুমতি সেতুর পূর্ণ সুফল পেতে ভাটিয়াপাড়া-বেনাপোল সড়ক দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, বাস মালিক ও শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার পর নড়াইল-বেনাপোল মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার অংশ অত্যন্ত সরু। এই সড়কেই এখন দিন-রাত চলাচল করছে বিপুল সংখ্যক বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। ওভারটেকিং কিংবা ক্রসিংয়ের সময় পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছে অথবা অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মতে, সড়কটির এই অংশ চার লেনে উন্নীত করা বা অন্তত পর্যাপ্ত প্রশস্ত না করলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা ও মধুমতি সেতু চালুর পর ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত নড়াইল-বেনাপোল মহাসড়কে ছোট-বড় মিলিয়ে ৭৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঘটনাস্থলে কিংবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাদের অনেকেই স্থায়ী পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ অক্টোবর ঢাকা-মাওয়া-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা এলাকায় মধুমতি নদীর ওপর দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট মধুমতি সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে ঢাকা, যশোর, বেনাপোল, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শত শত যানবাহন এই রুট ব্যবহার করছে। কিন্তু সেতুর সংযোগ সড়ক আধুনিক ও প্রশস্ত হলেও নড়াইল-বেনাপোল অংশের মূল সড়ক আগের মতোই সরু রয়ে গেছে।

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, পদ্মা ও মধুমতি সেতুর কারণে আমাদের যাতায়াত অনেক সহজ হওয়ার কথা ছিল। কিন্তু রাস্তা অত্যন্ত সরু হওয়ায় সেই সুবিধার বড় অংশ নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত পথচারী, যাত্রী ও পরিবহন শ্রমিকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানাই।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ভাটিয়াপাড়া-বেনাপোল সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। বর্তমানে এর প্রস্থ মাত্র ২৪ ফুট। পদ্মা ও মধুমতি সেতু চালুর পর যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় দুর্ঘটনাও বাড়ছে।

তিনি আরও বলেন, সাময়িকভাবে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় সাইন-সিগন্যাল ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চলতি বছরের শেষ দিকে সড়কটি স্থায়ীভাবে প্রশস্ত করার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানীর দ্রুত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, তা না হলে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বাড়তে পারে।

আরবিএন 


  বিষয়:   পদ্মা  মধুমতি সেতু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: