গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল

2026-06-12T18:07:25+00:00
2026-06-12T18:07:44+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৬:০৭ পিএম  (ভিজিট : ৩০)
যুবলীগের ঝটিকা মিছিল। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আশপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। স্থানীয়দের দাবি, কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আশপাড়া মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে অগ্রসর হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কয়েকজনের হাতে ‘কাম ব্যাক শেখ হাসিনা’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব লিখেছেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা আসছে, সারা বাংলা কাঁপছে।

পথসভায় তিনি বলেন, এই কর্মসূচির কারণে যদি আমাদের গ্রেপ্তার হতে হয় বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবুও আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে সরে আসব না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় থেকেও পিছপা হব না।

তবে কর্মসূচির সুনির্দিষ্ট স্থান নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত দেখা গেছে। কেউ দাবি করেছেন, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আবার কেউ বলেছেন, আশপাড়া মোড়ের লাকি কম্পিউটার টিকিট কাউন্টারের সামনের সড়কে কর্মসূচি পালন করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মসূচি শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরবিএন 


  বিষয়:   গাজীপুর  যুবলীগ  ঝটিকা মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: