‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এর আগে কখনোই চূড়ান্ত হওয়ার এতো কাছাকাছি পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১২ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পরে তার পোস্টটির স্ক্রিনশট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন।
শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা এর আগে কখনোই পৌঁছাইনি।’
তবে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে ইরানি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কিছুটা ধোঁয়াশা তৈরি হয়।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সংবাদমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের উচিত এর অভ্যন্তরীণ বিষয় বা শর্তাবলি নিয়ে আগাম কোনো অনুমান বা জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে, সঠিক সময়ে চুক্তির সমস্ত বিবরণ ও শর্তাবলি জনগণের সামনে বিশদভাবে প্রকাশ করা হবে।’
/কেএইচও